সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমরা কেন কোর'আন পড়ি না?

শত ইচ্ছে থাকলেও আমরা নিয়মিত কোর'আন পড়তে পারি না। কিন্তু, অনিচ্ছা থাকা সত্ত্বেও ফেইসবুকে না এসে আমরা থাকতে পারি না। এর কারণ কি?

১) ফেইসবুক আমাদের হাতের কাছেই থাকে, কিন্তু কোর’আন আমাদের হাতের কাছে থাকে না।

২) মোবাইল দিয়ে কোর’আন পড়ার সময়ে ফেইসবুকে কোনো ম্যাসেজ বা নোটিফিকেশন আসলে কোর’আন রেখে আমরা ফেইসবুকে চলে যাই।

৩) অজু ছাড়া যখন তখন ফেইসবুক ধরা যায় এবং পড়া যায়, কিন্তু কোর’আন অজু ছাড়া ধরা যায় না।

৪) কোর’আন শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়তে হয়, এবং খতম করতে হয়; কিন্তু ফেইসবুক খতম করার কোনো পদ্ধতি নেই।

৫) ফেইসবুক পড়লে আমরা বুঝি, এবং এতে আমাদের মনে নতুন নতুন অনেক চিন্তা আসে। কিন্তু কোর’আন পড়লে আমরা বুঝি না, এবং আমাদের মনে নতুন কোনো চিন্তাও আসে না।

এ ছাড়া আরো অনেক কারণেই আমরা কোর’আনের চেয়ে ফেইসবুককে বেশি ভালোবাসি, এবং ফেইসবুকে বেশি সময় দেই।

এখন প্রশ্ন হলো, এসব সমস্যা থেকে মুক্তির উপায় কি?

[১]
আমাদের সকলের হাতে হাতে একটা ব্যক্তিগত মোবাইল থাকলেও, আমাদের প্রত্যেকের কাছে একটি করে ব্যক্তিগত কোর’আন নেই।

হয়তো কারো বাসায় মানুষ সাতজন, কিন্তু অর্থসহ কোর’আন আছে মাত্র একটি। এতে অনেক সমস্যা হয়। যখন-তখন কোর’আন পড়া যায় না। কোর’আন থাকে এক রুমে, আমরা থাকি অন্য রুমে। ফলে ইচ্ছে থাকলেও হাতের কাছে কোর’আন না থাকার কারণে, এবং অলসতার কারণে কোর’আন পড়া হয় না।

[২]
অনেকের বাসায় কোর’আন আছে, কিন্তু অফিসে বা কর্মক্ষেত্রে কোর’আন নেই। আবার, অনেকের হয়তো বাসায় বা অফিসে কোথাও অর্থসহ কোর’আনের কোনো হার্ডকপি নেই, ফলে যখন-তখন ফেইসবুক ব্যবহার করা গেলেও যখন-তখন কোর’আন পড়া হয় না।

[৩]
অজু ছাড়া কি কোর'আন ধরা যাবে কিনা? - এ প্রশ্নটি অনেকেই করেন। উত্তর হলো, দুই ধরণের কোর'আন আছে। একটি হলো অর্থসহ কোর'আন এবং অন্যটি হলো অর্থ ছাড়া কোর'আন। সকল আলেমের মতে, অর্থসহ কোর'আন অজু ছাড়া ধরা যাবে। কিন্তু কেবল আরবি কোর'আন অজু ছাড়া ধরা যাবে না বলে কেউ কেউ মত দিয়েছেন। যদিও নাসির উদ্দিন আলবানী সহ অনেক আলেম বলেছেন, আরবি কোর'আনও অজু ছাড়া ধরা যাবে।

আমরা যেহেতু অর্থসহ কোর'আন পড়ার কথা বলছি, সুতরাং তা অজু ছাড়া ধরা যাবে।

[৪]
কোর’আন খতম করার ব্যাপারে আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি, যত তাড়াতাড়ি কোর’আন খতম করা যায়, ততই ভালো। কিন্তু সাহাবীগণ এক সাথে দশ আয়াতের বেশি পড়তেন না। উমার (রা) দশ বছর সময় দিয়ে কেবল সূরা বাকারা খতম করতে পেরেছিলেন। রাসূল (স) ও সাহাবীগণের কেউ কেউ একটিমাত্র আয়াত পড়েই সারারাত কাটিয়ে দিতেন।

কোর’আন পড়তে বসলে অনেকক্ষণ সময় লাগবে এটা ভেবে আমরা কোর’আন পড়তে চাই না। অথচ, প্রতিদিন যে কোনো সময়ে অন্তত একটি আয়াত অর্থ সহ পড়লেও কোর’আনের হক আদায় করা যায়।

ফেইসবুক খতম করতে হয় না, তাই এক মিনিটের কথা চিন্তা করে আমরা ফেইসবুকে প্রবেশ করি। কিন্তু কোর’আন খতম করার একটা অপ্রয়োজনীয় চাপ আমাদের মাথায় থাকে, তাই কোনোদিন এক মিনিটের জন্যেও কোর’আনটা খুলে দেখার ইচ্ছে আমাদের হয় না।

[৫]
ফেইসবুকে একটা স্ট্যাটাস লিখতে সময় লাগে ১৫ মিনিট, আর সেই স্ট্যাটাস পড়তে সময় লাগে ২ মিনিট। কিন্তু কোর’আন নাযিল হতে সময় লেগেছে ২৩ বছর। সুতরাং, সমস্ত কোর'আন রমজানের ১ মাসেই পড়ে বুঝে ফেলা অসম্ভব। তাই, আমরা আমাদের সারাজীবনে প্রতিদিন কোর’আনের এক আয়াত হলেও অর্থ সহ পড়ার প্রতিজ্ঞা করা প্রয়োজন।

[৬]
অনেকেই সারাদিন অনেক ব্যস্ততার কারণে কোর’আন পড়তে পারেন না। তারা খাটের পাশে একটা অর্থসহ কোর’আন রাখতে পারেন। ঘুমানোর সময়ে বালিশে মাথা রাখার আগে অন্তত একটা আয়াত অর্থ সহ পড়ে তারপর ঘুমাতে পারেন।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নিয়মিত অর্থসহ কোর’আন পড়ার তৌফিক দান করুন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

আমাদের শিক্ষাব্যবস্থা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক

আমাদের শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের কথা একটু কল্পনা করুন। আপনার চোখে কি ভেসে উঠবে? ভয়ঙ্কর সব চিত্র। ছোট বেলার আরবি শিক্ষক মানেই বেত্রাঘাত। পড়া না পারলেই ঠাস... ঠাস...। এরপর, প্রাইমারি স্কুলের অংক শিক্ষক। ভুল করলেই ডাস্টার নিক্ষেপ, এবং মাথা পেটে রক্ত। তারপর, হাই স্কুলের ইংরেজি শিক্ষক। প্রাইভেট না পড়লে নিশ্চিত ফেল। অতঃপর, মাদ্রাসার হুজুর। প্রশ্ন করলেই বলেন – “বেয়াদব কোথাকার”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো নিজদেরকে ‘প্রভু’ মনে করেন। সামান্য একটা প্রশ্নের কারণে ১৫/১৬ বছরের ছাত্রজীবনকে একেবারে ধ্বংস করে দেন। কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের কোচিং ও প্রাইভেট ব্যবসা জমজমাট। অর্থের বিনিময় ছাড়া শিক্ষা প্রদান করতে তাঁরা মোটেও আগ্রহী নন। এই হলো আমাদের শিক্ষক সম্প্রদায় এবং এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষাব্যবস্থার কথা না হয় বাদ-ই দিলাম, এটা পরিবর্তন করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু একজন শিক্ষক তো নিজেকে ভালো ব্যবহারের অধিকারী করতে পারেন। এতে তো কোনো বাধা নেই। তবু আমাদের শিক্ষক সমাজের আজ এই অবস্থা কেন? ইতিহাসে দেখি। আহ! কত সুন্দর ছিল আমাদের ইসলামী শিক...