সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দাওয়াত দিতে হয় ভালোবাসা দিয়ে, ভয় দেখিয়ে না

আমরা পৃথিবীতে যা কিছু করি না কেনো, তার পিছনে থাকে কারো না কারো প্রতি ভালোবাসা। যে কোনো কাজে যখন ভালোবাসা থাকে, তখন সে কাজটি আমাদের কাছে খুবই প্রিয় ও মধুর মনে হয়। কিন্তু যখন ভালোবাসা থাকে না, তখন সে একই কাজটি আমাদের কাছে খুবই কষ্টকর ও বিরক্তিকর মনে হয়।

উদাহরণ স্বরূপ, আমাদের সমাজের একজন সাইফুল সাহেবের কথা কল্পনা করুন। সাইফুল সাহেব নতুন বিয়ে করেছেন। তাঁর স্ত্রী তাঁকে একটি অনুরোধ করেছেন, যাতে তিনি দাঁড়ি রেখে দেন। স্ত্রীর প্রতি অনেক ভালোবাসা থাকায় সাইফুল সাহেব তাঁর কথা ফেলে দিতে পারেননি, দাঁড়ি রেখে দিয়েছেন। কিন্তু এই সাইফুল সাহেবের জীবনে কত শত মানুষ হাজার বার বলেও তাঁকে এক ওয়াক্ত নামাজ পড়াতে পারেন নি। প্রতি শুক্রবার ইমাম সাহেব বলতেন, কিন্তু সে কথা সাইফুল সাহেবের কানে যেতো না। এখন প্রিয়তমা সঙ্গিনীর প্রতি ভালোবাসা দেখিয়ে তিনি কেবল নিয়মিত নামাজ-ই পড়েন না, দাঁড়িও রেখে দিয়েছেন।


অথবা, আমাদের সমাজের একজন সালমার কথা কল্পনা করুন। বিশ্ববিদ্যালয়ের জীবনে কখনো তিনি হিজাব পরতেন না। এ জন্যে তাঁকে কতজনে কতো কথা বলতো, তিনি তাদের কথার কোনো পাত্তাই দিতেন না। কিন্তু এখন জীবনসঙ্গীর অনুরোধ রক্ষার্থে এবং তাঁর প্রতি ভালোবাসা থাকায়, পূর্ণ নিকাব পরে রাস্তায় বের হন।

এই যে মানুষের বাহ্যিক আচরণের এমন পরিবর্তন, তা কেবল ভালোবাসা দিয়েই সম্ভব।

মানুষকে যারা ইসলামের দাওয়াত দেন, তাঁদের অনেকেই মনে করেন, মানুষকে ভয় দেখিয়ে ইসলামের দিকে নিয়ে আসা যাবে। আসলে ভালোবাসা দিয়ে যতো বেশি ইসলামের দিকে মানুষকে নিয়ে আসা যায়, ভয় দিয়ে ততবেশি ইসলামের দিকে আসা যায় না।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

ইহুদী ও খ্রিস্টান শরিয়তের মধ্যবর্তী শরীয়ত ইসলাম

ইহুদি শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনিও তাঁকে আরেকটি ঘুষি দিতে হবে। এখানে ক্ষমা করার কোনো সুযোগ নেই। আর, খ্রিষ্টান শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনি তাকে আরেকটি ঘুষি দিতে পারবেন না, তাকে ক্ষমা করে দিতে হবে। ইসলাম হলো এ দুটি শরিয়তের মধ্যপন্থী একটি শরিয়ত। যে কোনো অন্যায়ের শাস্তি প্রদান করার ক্ষেত্রে ইসলাম মানুষকে একটি স্বাধীনতা দেয়। কেউ আপনাকে একটি ঘুষি দিলে, হয় আপনি তাকে হুবহু আরেকটি ঘুষি দিতে পারেন, অথবা, অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। যেমন, আল্লাহ তায়ালা বলেছেন - وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِ ۖ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّابِرِينَ "যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়েছে। আর, যদি সবর কর, তাহলে তা সবরকারীদের জন্যে উত্তম।" [সূরা ১৬/ নাহাল - ১২৬] ইসলামি শরিয়াহ পৃথিবীর সবচেয়ে ভালো আইন হবার পিছনে কারণ হলো, ইসলাম মানুষকে দুটি অপসন দেয়। হয় প্রতিশোধ, না হয় ক্ষমা। এ ক্ষেত্রে ক্ষমা করে দেয়ার জন্যে ইসলাম সুপারিশ করে।