সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জ্ঞানের সিঁড়ি

ছোট বেলায় মতিউর রহমান মাদানী ও আবদুর রাজ্জাক বিন ইউসুফের অনেক লেকচার শুনেছি। শুনতে শুনতে যখন দেখলাম তাদের থেকে নতুন কোনো কথা আর বের হচ্ছে না, তখন ইংরেজি জাকির নায়েকের লেকচার শুনতাম। এক সময়ে এসে মনে হলো, জাকির নায়েকের লেকচারও কমন হয়ে গেছে। নতুন কোনো জ্ঞান আর উস্তাদ জাকির নায়েকের থেকে পেলাম না। তারপর, নোমান আলী খান সহ আরো অনেকের ইংরেজি ও আরবি লেকচার শুনেছি। কিন্তু, একজন স্কলারের কথা কিছুদিন শুনার পরেই মনে হয় উনার কাছ থেকে নতুন কিছু আমি আর শিখতে পারছি না।

তারপর নিজে নিজেই আবিষ্কার করলাম জ্ঞানের সিঁড়ি তত্ত্বটি।

কোর'আনের একটি আয়াতে বলা হয়েছে, "নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে আরোহণ করবে"।[৮৪/১৯]

এ আয়াতটি জ্ঞান অর্জনের ক্ষেত্রেও প্রযোজ্য।

জন্মের পরে আমরা কিছুই জানতাম না। এরপর, আস্তে আস্তে জ্ঞান অর্জন করা শুরু করেছি। আমরা যত জ্ঞান অর্জন করি, তত একটা সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে উঠতে থাকি।

প্রথম সিঁড়িতে এমন কিছু শিক্ষক ও স্কলার থাকেন, যারা আমাদেরকে দ্বিতীয় সিঁড়িতে উঠার কৌশল শেখান। কিন্তু, আমরা যখন দ্বিতীয় সিঁড়িতে উঠে যাই, তখন প্রথম সিঁড়ির স্কলারগণ আমাদের খুব একটা কাজে লাগে না, যদিও প্রথম সিঁড়ি না থাকলে আমরা দ্বিতীয় সিঁড়িতে উঠতেই পারতাম না।

দ্বিতীয় সিঁড়িতে উঠার পর সেখানে এমন কিছু উস্তাদ ও স্কলার থাকেন, যারা আমাদেরকে তৃতীয় সিঁড়িতে উঠার কৌশল শেখান। কিন্তু, আমরা যখন তৃতীয় সিঁড়িতে উঠে যাই, তখন দ্বিতীয় সিঁড়ির স্কলারগণ আমাদেরকে চতুর্থ সিঁড়িতে উঠার কৌশল শেখাতে পারেন না, বরং তৃতীয় সিঁড়ির স্কলারদের সাহায্য নিতে হয়।

এভাবে জীবনের প্রতিটি সিঁড়িতে অনেক স্কলার থাকেন, যারা আমাদেরকে উপরে উঠতে সাহায্য করেন। কিন্তু, উপরের সিঁড়িতে উঠে গেলে আর নিচের সিঁড়ির স্কলারদের থেকে শেখার কিছু থাকে না।

নিচের সিঁড়ির স্কলারগণ না থাকলে যেমন উপরের সিঁড়িতে যাওয়া যেতো না, তেমনি উপরের সিঁড়ির স্কলারগণ না থাকলে সারাজীবন নিচের সিঁড়িতেই পড়ে থাকতে হতো। যেহেতু নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে যাবার জন্যে কোর'আন আমাকে উৎসাহ দিচ্ছে, তাই আমি নিচের স্কলারদের কাছেই সারাজীবন বসে থাকতে পারি না।

জ্ঞানের ক্ষেত্রে প্রতিটি মানুষকেই নিচের থেকে উপরের সিঁড়িতে উঠতে হয়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

ইহুদী ও খ্রিস্টান শরিয়তের মধ্যবর্তী শরীয়ত ইসলাম

ইহুদি শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনিও তাঁকে আরেকটি ঘুষি দিতে হবে। এখানে ক্ষমা করার কোনো সুযোগ নেই। আর, খ্রিষ্টান শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনি তাকে আরেকটি ঘুষি দিতে পারবেন না, তাকে ক্ষমা করে দিতে হবে। ইসলাম হলো এ দুটি শরিয়তের মধ্যপন্থী একটি শরিয়ত। যে কোনো অন্যায়ের শাস্তি প্রদান করার ক্ষেত্রে ইসলাম মানুষকে একটি স্বাধীনতা দেয়। কেউ আপনাকে একটি ঘুষি দিলে, হয় আপনি তাকে হুবহু আরেকটি ঘুষি দিতে পারেন, অথবা, অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। যেমন, আল্লাহ তায়ালা বলেছেন - وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِ ۖ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّابِرِينَ "যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়েছে। আর, যদি সবর কর, তাহলে তা সবরকারীদের জন্যে উত্তম।" [সূরা ১৬/ নাহাল - ১২৬] ইসলামি শরিয়াহ পৃথিবীর সবচেয়ে ভালো আইন হবার পিছনে কারণ হলো, ইসলাম মানুষকে দুটি অপসন দেয়। হয় প্রতিশোধ, না হয় ক্ষমা। এ ক্ষেত্রে ক্ষমা করে দেয়ার জন্যে ইসলাম সুপারিশ করে।